নগরীর আরামবাগে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ১২:৪০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:সিলেট নগরীর আরামবাগে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। সুমন জকিগঞ্জের পরচক গ্রামের মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরী ওরফে নুর মিয়া চেয়ারম্যানের পুত্র। বর্তমানে শাহপরান(র.) থানার ৭/২ রশিদ মঞ্জিল, আরামবাগ, রোড-০১-এ তার বসবাস। সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সুমন গত ১৪ জুলাই স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)-কে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ১৬ জুলাই বুধবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে “আত্মহত্যা করেছেন” মর্মে স্ত্রীর স্বজনকে ফোন করেন স্বামী। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিশাতকে মৃত দেখতে পান। নিহতের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখা যায়। খবর পেয়ে সকাল ৯টায় শাহপরান থানা ঘটনাস্থলে ছুটে আসেন। এসআই হালিমা আক্তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা রুজু হয়েছে (নং-০৪, তাং-১৬/০৭/২০২৫খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড-১৮৬০ )। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।




