সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৯:৩৭:৪০ অপরাহ্ন
অনলাইন নিউজ : সিলেটে প্রায় ১৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে পুলিশ। শনিবার সকালে সিলেট নগরের মজুমদারী এলাকা থেকে এগুলো আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি হলুদ রংয়ের হাইড্রোলিক ট্রাক আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট এলাকায় কোম্পানীগঞ্জ-সিলেটগামী একটি ট্রাককে (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুত শহরের দিকে চলে যায়। পরে আম্বরখানা ফাঁড়ির সামনে পুলিশ ব্যারিকেড দিলে ট্রাকটি মজুমদারী আবাসিক এলাকায় প্রবেশ করে এবং চালক ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে পিছু ধাওয়া করে এবং উক্ত এলাকায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে খুঁজে পায়।
<span;>এসময় ট্রাকটি তল্লাশী করে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা। আর ৯৬ হাজার পিস জিলেট ব্লেড যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত মালামাল জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




