শহীদ তুরাব পদক পেলেন সিলেটের ডাকের কাউসার চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ২:২৭:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট প্রেসক্লাব প্রবর্তিত ‘তুরাব স্মৃতি পদক’ লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী। এছাড়া বিশেষ বিবেচনায় পদক লাভ করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশকার আমিন ইবনে লস্কর রাব্বী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সিলেট প্রেসক্লাব সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর ১ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা, তুরাব স্মৃতি পদক প্রদান ও দোয়া মাহফিলে তাদের হাতে এ পদক তুলে দেয়া হয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার(এসএমপি) মো. রেজাউল করিম পিপিএম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জিয়াউর রহমান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।




