১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ৩:১৭:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি, সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দু-একটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে। সে জন্য এক-দুদিন বরাদ্দ করা যাবে। কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতিরেকে অগ্রসর হওয়া যাবে না।’
আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬ তম দিনের সূচনা বক্তব্যে আলী রীয়াজ এসব কথা বলেন। আজকের আলোচ্য বিষয় ছিল- প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
আলোচিত বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে আলী রীয়াজ বলেন, ‘আপনাদের বলতে হবে যে, এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অব ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন, সেটা পারবেন। সেটা জাতীয় সনদে উল্লেখ থাকবে যে, এ বিষয়ে আপনাদের দ্বিমত আছে, সেটির কারণও ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন। যদি প্রয়োজন হয় সংক্ষেপে আপনাদের অবস্থান বলুন, কিন্তু দীর্ঘ আলোচনায় যাওয়া যাবে না।’
কমিশনের হাতে ১০ দিন সময় আছে জানিয়ে আলী রীয়াজ বলেন,‘ আমাদের এখন যে প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে, বিভিন্ন বিষয় আমরা আলোচনা করেছি, দুই-একটি বিষয়ে আলোচনার বাইরে থেকেছে, সেগুলো আলোচনা করব।’
৫৩ বছরের সংগ্রাম, গত বছরের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, গত বছরের রক্তপাত এবং প্রাণনাশ আপনারা মনে রাখুন। সেটাকে বিবেচনা রেখে আমাদের অগ্রসর হতে হবে। সেখান থেকে পেছানোর কোন উপায় নেই, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। সেই বিবেচনায় আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে, যেখানে আমরা একমত হতে পারলে একমত হব, ভিন্নমত থাকলে থাকবে, যদি অধিকাংশ দল মিলে সিদ্ধান্ত বিবেচনায় রাখতে পারব না, সেটা বাদ দেওয়ার ব্যাপারে আমাদের অবস্থান নেই।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা উপস্থাপন করেছি, কিন্তু আমরা জোর করে চাপিয়ে দিতে চাইনি, চাইব না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য প্রয়োজনীয় মনে করেছি অন্যথা এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় করে ১০ দিনের মত এক জায়গায় উপনীত হব, জাতীয় সনদ তৈরি করব। আপনাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারলে এক জায়গায় উপনীত হতে পারব।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে সংলাপে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।




