জকিগঞ্জে সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, লুটের পর ফেলে গেল প্রাইভেট কার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৬:২২:৪৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে এ ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার বাড়িটি স্থানীয় কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ চৌধুরীর। ঘটনার পর ডাকাতদের ফেলে যাওয়া একটি প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে থেকে উদ্ধার করেছে পুলিশ।
আবদুল্লাহ চৌধুরী জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের লোহার গ্রিল ভেঙে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে। এ সময় নগদ প্রায় ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল পালানোর সময় তাদের প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




