সিলেটে আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৩:০৭:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, বুধবার বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ, ক্রিম, ফেসওয়াস, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন এবং শিং মাছ এছাড়াও, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য- ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




