সুনামগঞ্জে সমালোচনার জেরে বিএনপি থেকে বাদ পড়লেন আওয়ামী লীগ নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ১২:৩৬:৩২ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: তীব্র সমালোচনার মুখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে।
বিএনপির কমিটিতে স্থান পাওয়া আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বড় ভাই তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী।
শনিবার দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলার বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক জুনাব এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি সংশোধিত কমিটির প্যাড শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখা আহবায়ক কমিটি সংশোধিত।’ সংশোধিত এ কমিটির তালিকায় দেখা যায় জিল্লুর রহমানকে বাদ দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘোষিত বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর পদ পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।




