সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, আটক- ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৭:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল।
শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে ওই বাসা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ ব্যক্তি। তিনি পলাতক থাকায় তাঁর স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখছি। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি।’
আটক ব্যক্তিদের ছাড়াতে কেউ চাপ দিচ্ছে না বলেও জানান তিনি।




