বিএনপির দলীয় আয় এক বছরের ব্যবধানে ১ কোটি থেকে বেড়ে সাড়ে ১৫ কোটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ১২:৪৭:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (২৭ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয় হিসাব জমা দেন।
হিসাব জমা দেওয়ার পরে রিজভী আহমেদ সাংবাদিকদের জানান, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এবার দলটির উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। গতবার অর্থাৎ ২০২৩ সালে বিএনপি আয় দেখিয়েছে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। আর ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।
রিজভী আরও জানান, ২০২২ সালে বিএনপির আয় দেখানো হয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন আগে নির্বাহী বিভাগের একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল। আগে তাদেরই বেছে নেওয়া হয়েছিল যারা শেখ হাসিনার পদলেহন করতে পারবেন। তারা দিনের ভোট রাতে করে ফ্যাসিবাদ তৈরি করেছিল। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন উপহার দেবে।’
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবার আওয়ামী লীগ (নিবন্ধ স্থগিত) ছাড়া ৫০টি নিবন্ধিত দলকে অডিট রিপোর্ট দিতে চিঠি দেয় ইসি। দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের হিসাব চলতি ৩১ জুলাইয়ের মধ্যে দিতে হবে।
স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে রাজনৈতিক দলগুলোর ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী পরপর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।




