সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ২:৩৮:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিষ্ফোরক ও ভাংচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।
তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১নং ও রুনু মিয়া ২নং আসামী ছিলেন। এতদিন তারা পলাতক ছিলেন। রোববার তারা জামিন নিতে আদালতে আসলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আরও পড়ুন : বিএনপির দলীয় আয় এক বছরের ব্যবধানে ১ কোটি থেকে বেড়ে সাড়ে ১৫ কোটি
উল্লেখ্য- সেলিম আহমদ ফলিক পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা কালে তিনি সিলেটের পরিবহন সেক্টরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন। এই সময় কোন কিছু হলে পরিবহন শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিতেন তিনি।
২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। এই মামলায় ফলিক ও রুনু পলাতক ছিলেন। সর্বশেষ রোববার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত।
আরও খবর : সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, আটক- ৫
সুনামগঞ্জে সমালোচনার জেরে বিএনপি থেকে বাদ পড়লেন আওয়ামী লীগ নেতা




