জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ১২:১৭:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দুদকসহ সাংবিধানিক চারটি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় ভিন্নমতের কারণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ‘ওয়াকআউট’ করেছে বিএনপি। আজ সোমবার (২৮ জুলাই) সকালে কমিশনের ২০তম সভায় নির্ধারিত আলোচনায় অংশ না নিয়েই বৈঠক ত্যাগ করেন বিএনপির প্রতিনিধিদল।
এর মধ্যে রয়েছে—দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব। এসব বিষয়ে একমত না হওয়ায় বৈঠকে থেকে বেরিয়ে যায় বিএনপি।
তবে ১২ দলীয় জোটের সমন্বয়ক জানিয়েছেন, এটি কোনো বর্জন নয়। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারেই বিএনপি এ সভা থেকে বিরত থেকেছে।
এর আগে, আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘যেসব আলোচনা টেবিলে এসেছে, সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।’
তিনি বলেন, ‘কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেকবার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে একমত হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।’




