সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ
সিলেট-১ আসনের বদলে সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে নগরীর ৯টি ওয়ার্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৫:৩৫:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৩ আসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কেটে সিলেট-৩ আসনে যুক্ত করার প্রস্তাব হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডকে সিলেট-৩ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনে ইসি বলেন, সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ২০২২ সালের আদমশুমারি এবং হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে কারিগরি কমিটি একটি প্রস্তাবনা দেয়।
তিনি আরও জানান, এ বছর সংসদীয় আসনপ্রতি গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। সেই ভিত্তিতে গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে, ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। যে ৩৯ আসনের সীমানা পরিবর্তন আসছে সেগুলো হচ্ছে- পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২ সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট -২, ৩।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, গাজীপুরে আসন বাড়ানো এবং বাগেরহাটে কমানোর প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। ভোটার ও জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন বলছে, নতুন সীমানা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




