গবেষণাপত্র নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ১২:৪২:০১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : নিজস্ব গবেষণাপত্র নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাদের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) সকালে সমাজবিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গবেষণা বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পোস্টার প্রজেন্টেশন শেষে দুপুর ১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ১০২ গ্যালারি কক্ষে সেরা তিনজনকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে শাবিপ্রবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক মো. আল আমিনের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল গনি এবং সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ মো. আতিকুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুল ইসলাম, সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভাগের শতাধিক শিক্ষার্থী।
এদিকে এ গবেষণাপত্র উপস্থাপন প্রতিযোগিতায় প্রথম স্থান আকলিমাতুল জান্নাত ফাবিয়া, দ্বিতীয় স্থান আবদুল্লাহ হারিস পাশা এবং তৃতীয় স্থান শাহজালাল আহমেদ, নাজনীন সুলতানা, সাদিয়া ইসলাম ও পরমা রহমান অধিকার করেন।
এতে শিক্ষার্থীরা তাদের স্নাতক ও স্নাতকোত্তরের থিসিস, সিনিয়র প্রজেক্ট এবং রিসার্চ মনোগ্রাফ কোর্সের আওতায় সম্পন্ন গবেষণাগুলো পোস্টার আকারে উপস্থাপন করেন।
এ গবেষণাকর্ম অনুষ্ঠানে বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুনতাহা রাকিব এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস।
এ প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসী নারীদের পুনর্বাসন অভিজ্ঞতা থেকে শুরু করে হিজড়া জনগোষ্ঠীর রূপান্তরময় জীবন কিংবা জলবায়ু সংকটে প্রান্তিক মুন্ডা জনগোষ্ঠীর সংগ্রামসহ সমসাময়িক সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যু উপস্থাপনায় উঠে আসে।



