বিদায় বেলায় সিক্ত সহকর্মীদের ভালোবাসায়
৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন বিমানের ডিএম শাহনেওয়াজ মজুমদার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ১২:৫৮:১০ অপরাহ্ন
সিলেটের ডাক অনলাইন রিপোর্ট:৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক(ডিএম) শাহনেওয়াজ মজুমদার। ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে চাকুরি জীবন শুরু করেন তিনি। কর্মজীবনে তিনি চীনের গোয়ানজুতে বিমানের কান্ট্রি ম্যানেজার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেন। সর্বশেষ গত ১ আগস্ট বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক হিসেবে পিআরএল(পোস্ট রিটায়ারম্যান্ট লিভ)-এ গমন করেন। এদিকে, অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে সহকর্মীদের উদ্যোগে শুক্রবার রাতে তার সম্মানে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিমান, সিলেট।
অনুষ্ঠানে বক্তার শাহনেওয়াজ মজুমদারের স্মৃতিচারণ করে বলেন, তিনি হলেন একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক গুণাবলীসম্পন্ন কর্মকর্তা। সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি সহকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মানুষের জীবনের প্রকৃত অর্জন তার কর্মের মধ্য দিয়েই প্রকাশ পায়। শাহনেওয়াজ মজুমদারের নেতৃত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ তাকে সহকর্মীদের অনুকরণীয় আদর্শে পরিণত করেছে। বক্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের মঙ্গল কামনা করা হয়।
সংবর্ধিত বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হাফিজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ বিমানের ডিজিএম (সেলস) ইরতেজা কামাল চৌধুরী, ইউকে’র ম্যানচেস্টার বিমানের সাবেক কান্ট্রি ম্যানেজার ও বর্তমানে সিলেটের জেলা ম্যানেজার মাহমুদুর রহমান মাসুম, আটাব সিলেট অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, সিলেট বিমান সহকারী ষ্টেশন ব্যবস্থাপক একেএম আলমগীর।
শেখ আখতার আহসান বাবলার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-ইয়াসমিন আরা মমতাজ, মো. রায়হান, বোরহান উদ্দিন আহমদ চৌধুরী, কামরুজ্জামান জুয়েল, সৈয়দ আহমদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. রিপন আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সালমান হায়দার চৌধুরী, ওমর হায়দার, শরীফুল হক, সার্বিক ব্যবস্থায়পনায় ছিলেন এটিএম সিরাজুল মামুন ও মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
শাহনেওয়াজ মজুমদার স্মৃতি রোমন্থন করে বলেন, কর্মজীবনে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের যে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি-তা ভোলার নয়। এজন্য তিনি সহকর্মীসহ সংশ্লি ষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজীবন সকলের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।
অনুষ্ঠানের শেষ পর্বে তাকে সম্মননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




