নিসচার প্রতিবেদন
জুলাই মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৫:৪৫:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জুলাই মাসে সিলেট বিভাগে ২৬ টি সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় আহত হয়েছেন আরো ৬১ জন।
প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
জুলাই মাসে সিলেট জেলায় ১০ টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩৭ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়- জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ও ১২ জন চালক ও ২ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ১ জন, নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছিলেন।




