সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৩:২৫:০১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম।
জানা যায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ( ৫০ ) ও আফসানা খুশী ( ১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা ( ১৮ ) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।
এঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া। তিনি বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আর বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।




