জয় বাংলা বলে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক- ৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৬:৪৪:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট চলাকালীন সময়ে জয় বাংলা বলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তানভীর আহমেদ ফাহিম নামে একজন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানায় ১৪ জনকে আসামী করে ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেন। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে বুধবার বিকেলে সিলেটের বালুচর নয়াবাজার এলাকায় কিংস ফুটসাল মাঠে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে ফটবল খেলছিলেন। সেখানে খেলার শেষ সময়ে জয় বাংলা স্লোগান দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে বহিরাগতরা। এতে কলেজের প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এসময় শাহ আলম নামে একজনকে আটক করে পুলিশে দেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন : সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত- ১৫
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।




