নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় আটক- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:১৭:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় নাঈম আহম্মদ রজব (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়। তারা দুজনেই ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় নিহত ডালিম আহমেদের মা রীতা বেগম ৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
আটককৃত নাঈম আহম্মদ রজব (১৯) সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের (পানিছড়া) মো. মনাফ মিয়ার ছেলে। আর নিহত ডালিম আহমেদ (৩৫) ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
আরও পড়ুন : নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন
পুলিশ জানায়, ডালিম ও রজব দুজনেই ছিনতাইকারী দলের সদস্য। তারা বৃহস্পতিবার মধ্যরাতে তাদের ব্যক্তিগত দ্বন্দ নিয়ে কথা কাটাকাটি করেন। এর একপর্যায়ে রজব ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ডালিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : তামাবিল ইমিগ্রেশন দিয়ে নারীসহ ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতকে শনিবার কোর্টে প্রেরণ করা হবে। তারা দুজনেই ছিনতাইকারী দলের সদস্য। এর সাথে জড়িত থাকা বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।




