ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার সেই বিএনপি নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ১১:১৩:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ডাকাতি মামলায় গ্রেফতারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ির বাসিন্দা ও পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।
দলীয় প্যাডে লিখিত পত্রে মীর কামরুল হাসান লিখেন, দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজুর রহমানকে দল ও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে পত্রে উল্লেখ করা হয়।
একইসঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, “সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়।”
সিলেট এয়ারপোর্ট রোড এলাকার বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে করা মামলার নথি থেকে জানা যায়, গত ২৭ জুলাই ডাকাতির অভিযোগে পিটুনির পর জনতা তাকে পুলিশে দেয়।




