সাদাপাথর থেকে লুট হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৯:৫০:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল বুধবার (১৩ই আগস্ট) মধ্যরাতের পর ধলাই নদীর তীরবর্তী এলাকা থেকে এগুলো উদ্ধার করে।
উদ্ধার করা এই পাথরগুলো আবার নদীতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া সমস্ত পাথর আগের জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বুধবার রাতে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে জাফলং ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর টহল, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন, অবৈধ পাথর ভাঙার মেশিন বন্ধে অভিযান চালানো এবং পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন এবং জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।




