শাবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৭:০৫:০৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সভা হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাফিদ উল ইসলাম।
তিনি বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন সেমিনার, জব ফেস্ট, গবেষণা কর্মশালা, পাবলিক স্পিকিং, নেতৃত্ব তৈরি ও দলগতভাবে কাজ করার মতো কার্যক্রম আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি শাবি প্রেসক্লাবকে অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাব সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা। ক্যাম্পাসের বিভিন্ন সংকট, সম্ভাবনা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় পত্রিকায় ফুটিয়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। ক্যারিয়ার ক্লাবও শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করি। এতে সাংবাদিকরা তাদের যথাসাধ্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ সাব্বির, সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার সানি, জনসংযোগ সম্পাদক নাজিফা নাওয়ার ঈশিকা ও
সংগঠনের অন্য সদস্যবৃন্দ এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নূর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ।




