জাফলংয়ে পাথর লুটের ঘটনায় দেড়শ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ২:২৫:৪৩ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা একশো থেকে দেড়শ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।
থানা সূত্রে জানা যায়, মামলাটি করেন উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম।
মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী এই মাসের (আগষ্ট) ৭, ৮ ও ৯ তারিখের ৩ দিনে জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যাঁরা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে সনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদ।
তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্ট পরে যারা পাথর লুটপাট করেছিল, তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।




