একদিনের মাথায় আবারো নতুন ইউএনও কোম্পানীগঞ্জে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৮:১৬:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সাদাপাথর লুটপাটের ঘটনায় সমালোচনার জেরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলীর সিদ্ধান্ত আবারও রদবদল করেছে সিলেট বিভাগীয় প্রশাসন। সোমবার এক আদেশে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলার দায়িত্বে এবং ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তবে একদিনের মাথায় মঙ্গলবার এ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বিভাগীয় কমিশনার।
মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
আর ফেঞ্চুগঞ্জের ইউএনওকে কোম্পানীগঞ্জের পরিবর্তে হবিগঞ্জের চুনারুঘাটের ইউএনও হিসেবে বদলী করা হয়। অন্যদিকে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলার দায়িত্বেই রাখা হয়।
এর আগে সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেঞ্চুগঞ্জের ইউএনওকে কোম্পানীগঞ্জে আর কোম্পানীগঞ্জের ইউএনওকে ফেঞ্চুগঞ্জের হিসেবে বদলী করা হয়।




