অনুমতি ছাড়াই সুনামগঞ্জে বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৫:২৯:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটি শিল্প পণ্য মেলার ভিত্তি প্রস্তর হয়েছে। সোমবার বিকালে শহরের আব্দুজ জহুর সেতুর পশ্চিমে গৃহায়ন ও গগণপূর্ত অধিদপ্তরের মাঠে মেলার অবকাঠামো কাজের উদ্বোধন করেন হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ নামের একটি প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুঁটি স্থাপনের একটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকতা উদযাপন করেন হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ এর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।
যেখানে দেখা যায়, ফুল দিয়ে মুড়ানো বাঁশের খুঁটি ধরে রয়েছেন ৫-৬ জন লোক। এসময় তিনি লেখেন, ” মেলায় ব্যবসায়ী ভাই ও বন্ধুরা আমরা অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হস্ত কুটির পণ্য মেলা সুনামগঞ্জের অবকাঠামো কাজের শুভ উদ্বোধন হয়ে গেল।”
এদিকে ঘটা করে বাণিজ্য মেলার ফ্যাবিলিয়ন কাজের ভিত্তিপ্রস্তরের কাজের উদ্বোধন করা হলেও জেলা শহরের কেন্দ্রস্থলে এমন আয়োজন সম্পর্কে জানা নেই জেলা প্রশাসনের। কোন সংস্থার আয়োজনে এই মেলা হচ্ছে এমন তথ্য সম্পর্কেও অবগত নন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মেলা আয়োজনের বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ খোদ জেলা প্রশাসক।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মাঠে মেলা আয়োজনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিরা। অধিদপ্তরের সিলেট বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, মেলা আয়োজনের জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। অনুমতি ছাড়া কোনো কাজ করা হলে সেটি বেআইনী হবে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।
এ ব্যাপারে মুঠোফোন কথা হয় হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ এর প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সাথে। তিনি জানান, মেলা আয়োজনের জন্য তারা এখনো অনুমতি পাননি। তবে তারা ডিসির কাছ থেকে অনুমতি নেয়ার চেষ্টা করছেন।
অনুমতি ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণপূর্তের কাছ থেকে একটি অনুমতির কাজ পেয়েছিলাম। তবে এখন বিতর্ক আসায় খুঁটি উঠিয়ে ফেলা হয়েছে।
বাণিজ্য মেলা আয়োজনে অনুমতির ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মেলা আয়োজনের জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। কেউ অনুমতি ছাড়া বাঁশ বসালে সেটি ভেঙ্গে দেয়া হবে।




