মোগলাবাজারে কার ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭:২৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-মোগলাবাজার সড়কে কার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০আগস্ট) বিকেলে ওই সড়কের মহিলুকা ব্রিজের পাশে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জ জেলার তারাই থানার আব্দুর রহমানের ছেলে আল আমিন(৩০)। তিনি বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের কোনারচর গ্রামে বসবাস করে আসছিলেন। তিনি সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের টার্মিনাল শাখার সদস্য।
জানা যায়, আজ বুধবার (২০আগস্ট) বিকেলে মহিলুকা ব্রিজের পাশে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আল আমিন গুরুতর আহত। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং কারটি জব্দ করা হয়েছে।




