বন্ধ ক্রাশিং মেশিন বৈধভাবে খুলে দেওয়ার ব্যবস্থা করবো- সিলেটের জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৮:২১:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, পুরো এলাকা আমরা ক্যামেরার আওতায় নিয়ে আসবো এবং ২৪ ঘন্টা নিয়ন্ত্রণে থাকবে আমাদের। সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নাই। যারা করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে। এখান থেকে আর একটি পাথরও কেউ সরাতে পারবে না। এরপরও যদি কেউ করে, তাহলে মনে রাখতে হবে তার কপালে খারাপি আছে। কারণ এখানে এই প্রাকৃতিক সম্পদ থাকবে। কেননা এখানকার ৯৫ ভাগ মানুষ চায় এই সম্পদ থাকুক। হয়তো অল্প কিছু মানুষ এখান থেকে ফায়দা লুটার চেষ্টা করবে। এই অল্প কয়েক মুষ্টিমেয় লোক যাতে কোনো কিছু করতে না পারে, এজন্য যা যা দরকার সেটা অবশ্যই আমরা করবো।
শুক্রবার সকালে তিনি সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যার কাছে পাথর পাওয়া যাবে এবং স্ট্রেইট বলে দেই তাকে কারাদণ্ড বরণ করতে হবে। আমরা কয়েক ঘণ্টা সময় দেবো, যার কাছে যত পাথর আছে, যা অপরাধ করছেন, এটা ফেরত দিতে হবে। এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উনাদের বিরুদ্ধে। ক্রাশিং মেশিন আমরা যেগুলো বন্ধ করেছি, সেগুলো বৈধভাবে খুলে দেওয়ার ব্যবস্থা করবো। ক্রাশিং মেশিন বন্ধ রাখলে লিগ্যালি যারা ইনভেস্ট করছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা পরিবেশ ও পর্যটনকে ইনশিওর করবো। প্রাকৃতিক সম্পদকে শনাক্ত করবো। পাশাপাশি ব্যবসাটাকেও চালু রাখার চেষ্টা করবো যেটা বৈধভাবে করছে।
এ সময় উপস্থিত ছিলেন- খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ প্রশাসনের কর্মকর্তারা।




