সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক
৩ দিনের মধ্যে স্তুপ করে রাখা পাথর ফেরত না দিলে আইনগত ব্যবস্থা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৭:৪৬:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ বলেছেন, আগামী ৩ দিনের মধ্যে আপনাদের উপজেলার মধ্যে যেসকল ওয়ার্ড, আমরা ওয়ার্ড ভিত্তিক দেখছি, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মেম্বাররা আছেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা আছেন, গ্রাম পুলিশরা আছেন। যার যার বাড়িতে এরকম পাথর স্তুপ করে যদি রাখা থাকে, অথবা কোনো স্টোন ক্রাশার মেশিনে স্তুপ করা থাকে, তাহলে স্টোর ক্রাশার মেশিন বা বাড়ির মালিক বা যার বাড়িতে স্তুপ করে রাখা হয়েছে বা যে করে রেখেছে, সে যাতে নিজ দায়িত্বে পাথরগুলো সাদাপাথরে ফেলে দিয়ে আসে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই ৩ দিনের মধ্যে। এটি হলে আর কোনো ঝামেলা নেই। আমরা ৩ দিন সময় দিবো, ৩ দিনের পরে যদি পরবর্তীতে আর কারো কাছে যদি এগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়টি শনিবার বিকাল থেকে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সর্বসাধারণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেল এএসপি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রাশ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হোসেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাসুম আহমদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ প্রমুখ।




