বিমানবন্দর সড়কের দুই পাশে গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হবে- জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৯:১৭:৫৬ অপরাহ্ন
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট বন বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) দেবজিৎ সিংহ। তিনি বলেন, নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রচেষ্টা দৃশ্যমান পরিবর্তন আসবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাদাপাথরে যেভাবে রক্ষা করা হয়েছে। তেমনি সবুজ বনায়ন ও নতুন প্রজন্মের জন্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে আন্তরিক হতে হবে।
সমাপনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিলেটের নবাগত জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, আপনাদের সবার সহযোগিতা পেলে প্রশাসনের কাজে অগ্রগতি হবে। আগামী এক বছরে বন বিভাগের কাজ চারগুণ বৃদ্ধি হবে। সিলেট বিমানবন্দর সড়কের দুই পাশে গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করে তোলার প্রত্যয় ব্যক্ত করে সিলেটের বর্তমান পরিস্থিতির বদলে দেওয়ার কথা বলেন তিনি।
বক্তব্য রাখেন সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট নার্সারীর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মলয় লাল ধর, শিক্ষার্থী সাদিয়া ইসলাম রিয়, আব্দুল্লাহ আল হাসান।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা আয়োজনের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে গাছের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রির মাধ্যমে জনগণকে সবুজায়নে উৎসাহিত করাও এই মেলার উদ্দেশ্য ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো প্রয়োজন। তাঁরা সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
উল্লেখ্য, জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।




