জুলাই গণঅভ্যুত্থানে পাঁচ শহীদের কবর জিয়ারত শেষে নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম
শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি- সিলেটের জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ২:৩২:১০ অপরাহ্ন
#শহীদ পরিবারের সহযোগিতায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে
বিয়ানীবাজার প্রতিনিধি : মাত্র চার দিন পূর্বে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দেশের আলোচিত সরকারি কর্মকর্তা মো. সারওয়ার আলম। দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত এ জেলা প্রশাসক। শহীদদের কবর জিয়ারত করে সাক্ষাৎ করেছেন শহীদ পরিবারের স্বজনদের সাথে। দিয়েছেন সহযোগিতার আশ্বাসও।
আজ রোববার (২৪ আগস্ট) ভোরবেলা তিনি বিয়ানীবাজার উপজেলায় গিয়ে প্রথমেই ছুটে যান চারখাই ইউনিয়নের কাকুরার মান্দার গ্রামে, সেখানে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। পরে পৌরশহরের নিদনপুর ও নয়াগ্রাম এলাকার শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সবশেষে শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে মো. সারওয়ার আলম শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি, শহীদরা যে চেতনা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেটি সবসময় সমুন্নত রাখতে হবে। এসময় নবনিযুক্ত জেলা প্রশাসক আশ্বাস দেন, জেলা প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।
শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের স্বজনদের চাহিদার্থে তার নামে একটি সড়কের নামকরণ এবং একটি স্মৃতি পাঠাগার স্থাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের বড়ভাই আবুল আজরফ আহসান জাবুর, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ফরিদ আহমদ, জামায়াত নেতা মুহাম্মদ আব্দুল হামিদ প্রমুখ।




