জাফলংয়ে ভারতীয় অবৈধ ৪ টি এয়ারগান উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৩:০৮:০৮ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪ টি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান করে বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায়। পরবর্তীতে টহলদল দীর্ঘক্ষণ অবস্থান করার পর চোরাকারবারীরা উক্ত এলাকায় পুনরায় না আসায় উক্ত চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীকালে রোববার ভোর ৬ টায় কাটারী নামক স্থান থেকে ভারতীয় অবৈধ ৪ টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
এবিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




