পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৬ সেপ্টেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১১:২১:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এর ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আগামীকাল সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
উল্লেখ্য, সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে এ সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।




