সিলেটে হাসপাতালের ১০ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৮:৩৫:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের একটি বেসরকারী হাসপাতালের ১০ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ আহমেদ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। রোববার রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
ফয়েজ আহমেদ সিলেটের কানাইঘাট উপজেলার মৃত মাস্টার মুহিবুর রহমানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলার ইউরোলজি বিভাগের ১০২৯ নং কেবিনে ভর্তি হন কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সোমবার তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে রোববার রাত আনুমানিক দেড়টার দিকে তিনি হাসপাতালের ১০ম তলার ইমার্জেন্সী সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি চিফ প্রজেশ দাশ। তিনি জানান, ফয়েজের ভাইরা বলছেন সে আগে থেকেই বলে আসছে- অপারেশন করবে না, ভয় পাচ্ছে। পরে রোববার রাতে সে হাসপাতালের ১০ তলার ইমার্জেন্সী সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




