এবার সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৩:৫৯:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : এবার সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করতে এসেছেন মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি সাদাপাথর এলাকায় যান।
এসময় তারা সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকারসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। তারা পাথর লুটের ঘটনা নিয়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন পেশার লোকজনের সাথে কথা বলেন।
এর আগে গত ২০ আগস্ট সাদাপাথর লুট তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে আরও দুই সচিবের সমন্বয়ে একটি তদন্ত দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে যায়।




