মোগলাবাজার এলাকায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৬:৪৬:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের মোগলাবাজার এলাকার একটি পুকুর থেকে সোনাই মিয়া (৭৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
সোনাই মিয়া মোগলাবাজার থানাধীন সিরাজপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ২৪ আগস্ট বিকেলে নিহত সোনাই মিয়া শ্রীরামপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে ওইদিন বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বের হলে আর ফিরেন নি। তার আত্মীয়রা মনে করেন তিনি হয়তো বাড়ি চলে গেছেন। পরে মঙ্গলবার দুপুরে মোগলাবাজারের ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তিনি আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। পরে বাড়ি থেকে বের হলে আর ফিরেন নি আর তারাও মনে করে যে হয়তো তারা বাড়ি চলে গেছে। পরে হঠাৎ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।




