সিলেটে স্বামী খালাস পাওয়ায় আদালত ভবনে তার পক্ষের লোকজনের ওপর স্ত্রীর হামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৬:৫৬:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে আদালত ভবনে স্বামী খালাস পাওয়ায় তার পক্ষের লোকজনের ওপর হামলা করেছেন স্ত্রী। মঙ্গলবার দুপুরে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আসামীপক্ষের ২ জন ও বাদীপক্ষের ২ জনকে আটক করেছে পুলিশ।
হামলায় আহতরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন ঘাসিটুলা এলাকার মৃত মো. বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫৭) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান (২৯)। আর এই ঘটনায় মোছা. নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, বিশ্বনাথ থানায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিলেটের ওসমানীনগর থানার মোবারকপুর এলাকার আব্দুর রউফের ছেলে মো. আব্দুস শুকুরকে (৪০) একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ থানার ধলিপাড়া শেখপাড়া এলাকার মৃত মো: মন্তাজ আলীর মেয়ে মোছা. নুরজাহান বেগম (৩৮)। পরে সেই মামলার রায় ছিল মঙ্গলবার। মঙ্গলবার সিলেটের চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত সিলেটের বিচারক আব্দুল্লাহ আল নোমান শুকুরকে খালাস প্রদান করেন।বিচারকার্য শেষে বাদী-বিবাদী আদালতের ৬ষ্ঠ তলা থেকে নামতে গিয়ে ৩য় তলায় বিবাদীদের ওপর হামলা চালান বাদী সহ তার লোকজন। এসময় তিনি আসামিপক্ষের লোকজনদের উপর চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকলে আসামিপক্ষের লোকজন রক্তাক্ত হয়ে জখম হন। পরে তারা দৌঁড়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। তাৎক্ষণিকভাবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং বিজ্ঞ কৌশলীরা হামলাকারী বাদিনী মোছা. নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করেন। তাদের কাছ থেকে একটি চাকু, একটি হাতুড়ি এবং একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়। এই ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদিকুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বাদী ও তার ভাইকে আটক করা হয়।
এ ঘটনার পর আদালত ভবনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আদালত প্রাঙ্গনে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে খালাস পাওয়া আসামির উপর ক্ষুব্ধ হয়ে মামলার বাদিনী আদালত প্রাঙ্গণে আসামি পক্ষের ওপর হামলা করেন। এ ঘটনায় আসামীপক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন আর দুইজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এখানো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করে নি।




