২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার
আজকের পর কারো কাছে পাথর পাওয়া গেলে আইননানুগ ব্যবস্থা- জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৮:৪৩:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, আজকের (মঙ্গলবার) পরে কারো কাছে যদি পাথর পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আগামীকাল থেকে শুরু হবে। যদি কারো কাছে এখনো থেকে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো।
মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পাথরটাকে আমরা প্রতিস্থাপনে জোর দিয়েছি। একই সাথে যারা এটার মূল হোতা বা যারা এটার সাথে জড়িত ছিল, তাদের বেশকিছু লোকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি তারা শিগগিরই গ্রেফতার হবেন। একইসাথে এটাও বলতে চাই, যারা নিরীহ-নিরপরাধ, তারা যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হন, সেটাও খেয়াল রাখছি। আমরা সম্মিলিত প্রয়াসে কাজ করছি। এখানে পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছে, যৌথবাহিনী সহ সবাই মিলে কাজ করছি একসাথে। সবাই কাজ করতে পারছি বলেই আমরা ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছি। আমরা আশা করছি এই পাথরগুলো প্রতিস্থাপন করলে মোটামুটি আগের অবস্থায় যেতে পারবো।




