সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৮:০৫:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে সিলেটের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছেন, এবং যেহেতু, প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে,
সেহেতু, সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।
আদেশের বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।




