গোয়াইনঘাটে চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি রিয়াজ মেম্বার গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৮:২০:৪৩ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি, মারামারির মামলাসহ মোট ৮ টি মামলার আসামী রিয়াজ উদ্দিন তালুকদার কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। বুধবার(২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন তালুকদার নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত মোট ৮ টি মামলার আসামি ও উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরাণ (র.) থানাধীন খাদিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর রাত ১ টার দিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
জানা গেছে, সরকারের ইজারাকৃত বালুমহাল থেকে বালুবাহী নৌকা যাওয়ার পথে লেংগুড়া এলাকায় নৌকা আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া নৌকার ঘটনায়, দায়ের করা মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার। বালুবোঝাই প্রায় দুই শত বাল্কহেড দুই সাপ্তাহ ধরে একটি চাঁদাবাজ বাহিনী জিম্মি করে আটকে রেখেছিল। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাও দিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাল্কহেড সাথে আসা শ্রমিক ও স্থানীয় নৌকা শ্রমিকদের জোর পূর্বক জিম্মি করে রাখার ঘটনায় বিগত ৬ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগ অভিযানে চাঁদাবাজ গংদের হাত থেকে জিম্মিকৃত বালুবোঝাই বাল্কহেড গুলো উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল। সে সময় কয়েক ঘন্টাব্যাপি অভিযানে চাঁদাবাজ চক্রের গডফাদাররা পালিয়ে গেলেও তার কিছু সংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে তাৎক্ষণিক ৬ জনকে আটক করেছিল অভিযানকারী দল।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দায়ে চাঁদাবাজির অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। ওই মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার। এছাড়াও বাউরবাগ এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে মারামারি মামলার পরোয়ানা ভুক্ত আসামিসহ বিভিন্ন ঘটনায় মোট ৮ টি মামলার আসামি রিয়াজ উদ্দিন। বালু উত্তোলনেকে কেন্দ্র করে মারামারি গোয়াইন থানায় দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের একটি হোটেল থেকে গ্রেফতার করে র্যাব ৯।
গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক মো. কবির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও মারামারি মামলায় রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে র্যাব-৯। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।




