এবার ডিসি মাসুদ আলমের কুশপুত্তলিকা আগুন দিয়ে দাহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৯:২৩:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা আগুন দিয়ে দাহ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে মৎস্য ভবনের গোলচত্বর এলাকায় অবরোধ করে এই কুশপুত্তলিকা আগুন দিয়ে দাহ করেন তাঁরা।
এর আগে আজ বিকেল ৫টার দিকে বুয়েটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি টিএসসি হয়ে শিক্ষা ভবন মোড় থেকে হাইকোর্টের পাশ দিয়ে কাকরাইল মোড় হয়ে বেইলি রোডের ডিএমপি কার্যালয়ের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মৎস্য ভবন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা গোলচত্বরে অবরোধ গড়ে তোলেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমপি কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দাবি উপস্থাপনের পরিকল্পনা ছিল বুয়েট শিক্ষার্থীদের। তবে পুলিশি বাধায় সেখানে পৌঁছাতে না পেরে তাঁরা মৎস্য ভবনে অবস্থান নেন।




