গোয়াইনঘাটে মায়ের লাশের পাশে বসে বাচ্চাদের কান্না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৬:০৪:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মায়ের লাশের পাশে বসে কান্না করছিলেন তার বাচ্চারা। পরে কান্নার শব্দ শুনে স্থানীয়রা দেখেন তাদের মার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে পরে ওই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হুসনেআরা বেগম (২৫) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।
জানা যায়, শনিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো হুসনেআরা তার দুই সন্তান নিয়ে নিজ গৃহে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে দরজাবদ্ধ ঘরে সন্তানদের কান্না শুনে শাশুড়ি ছেলের বউকে ডাকাডাকি করেন। এতে সাড়া না পেয়ে পাশের বাড়ির লোকজন এনে দরজার খুলে ঘরের ভিতরে ঢুকে হুসনেআরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে মেয়ের বাড়ির স্বজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ রবিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শাহাব উদ্দিন জানান, পোস্টমর্টেম রিপোর্ট ও নিহতের পরিবারের এজাহার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




