সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসিকে বদলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৭:৪৭:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সাদাপাথর লুটকাণ্ডে এবার আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলী করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন ইন্সপেক্টর রতন শেখ।
আজ রোববার (৩১ আগস্ট) সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
উজায়ের আল মাহমুদ কোম্পানীগঞ্জ থানার ওসি থাকাকালীন উপজেলার একমাত্র টিলা শাহ আরেফিন, ভোলাগঞ্জের বাংকার ও সাদাপাথর লুট হয়। এসব লুট হলেও প্রশাসন ছিল নিষ্ক্রিয়। এছাড়াও এসময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙ্গে যায় তার সময়ে। যার কারণে উপজেলা জুড়ে তার বদলী নিয়ে নানা সমালোচনা হচ্ছিল। সবশেষ রোববার তাকে সিলেট সদর কোর্টের পরিদর্শক হিসেবে বদলী করা হয়।
আর নতুন ওসি হিসেবে সিলেট লাইনওআরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রতন শেখকে কোম্পানীগঞ্জ থানায় পাঠানো হয়। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ছিলেন। এর আগে শরীয়তপুরের শিবচর থানায় দায়িত্ব পালন করেছেন।
বদলির বিষয়ে রতন শেখ বলেন, ’আমি বিষয়টা শুনেছি, তবে এখনো কোনো নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলেই যোগ দেব।’
অন্যদিকে বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনানও একই কথা জানিয়ে বলেন, ’বদলির খবর শুনেছি, তবে কাগজ এখনো হাতে পাইনি।’
উল্লেখ্য, দুদকের এক প্রতিবেদনে উজায়ের আল মাহমুদ আদনান ও সংশ্লিষ্ট থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে সাদা পাথর লুটপাটে সহযোগিতা করেছেন।




