চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৪:০৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— “চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই”, “বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই”, “একশন একশন ডাইরেক্ট একশন”, “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “আমার ভাইয়ের রক্ত কেন, ইন্টেরিম জবাব চাই” ইত্যাদি।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবির দেলোয়ার হোসেন শিশির, নাসিম আহমদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের টার্গেট করে বারবার হামলা করা হচ্ছে। এটা কারা করছে আমরা ভালো করেই জানি। এর সঠিক তদন্ত করে বিচার না করা হলে ১৫ বছরের সৈরশাসক যেমন পালাতে বাধ্য হয়েছিল, তেমনি ইউনুসের ইন্টেরিম পুতুল প্রশাসনও ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, আমরা দেখেছি গতকাল রাত ১টার সময় চবির ভাই-বোনেরা হামলার শিকার হলেও ১২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ধরনের প্রশাসন সেখানে পৌঁছায়নি। এমনকি পাশে ক্যান্টনমেন্ট থাকার পরও সেনাবাহিনী সেখানে যায়নি। এর জন্য ইন্টেরিমকে জবাবদিহি করতে হবে। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ইন্টেরিম ক্ষমতায় এসেছে, এখন তাদের ওপর হামলার সময় প্রশাসন কীভাবে নাক ডেকে ঘুমাতে পারে—এর জবাবদিহি করতে হবে।
জবাবদিহি করতে হবে মি. জাহাঙ্গীরকে। তিনি কিভাবে প্রশাসন চালাচ্ছেন? যদি যোগ্যতা না থাকে তবে তিনি পদত্যাগ করুন। আমরা ভেবেছিলাম একটি পজিটিভ বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে যারা সঠিকভাবে চেয়ারের দায়িত্ব পালন করতে পারছেন না তারা স্বেচ্ছায় চেয়ার ছেড়ে দেবেন। কিন্তু দেখা যাচ্ছে, এই ইন্টেরিম সরকারের পুতুল উপদেষ্টারা তাদের চেয়ার আঁকড়ে ধরে রেখেছেন।
আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, চেয়ার ছেড়ে দিন। আমরা যোগ্য মানুষকে বসাবো। সর্বোপরি, এই দুই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত না হলে ইন্টেরিমকে ক্ষমতায় রাখার প্রয়োজন নেই।




