শাবিতে ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারিসহ ২০ জন আজীবন বহিষ্কার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০:০৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি – সেক্রেটারিসহ ২০ জনকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাত ১১ টায় সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করেন।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে আজীবন বহিষ্কার হয়েছেন ১২ জন ও হলে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে, এদের মধ্যে কয়েকজন দুই ঘটনাতেই অভিযুক্ত থাকায় আজীবন বহিষ্কার হয়েছেন।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান। এ ছাড়া নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি ও ফারহান হোসাইন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের ইউসুফ হুসাইন টিটু, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগের লোকমান হোসাইন, পদার্থবিজ্ঞানবিভাগের সৈয়দ মাজ জোয়ার্দি ও একই বিভাগের সেইম খাঁ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমন। আজীবন বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
এদিকে আবাসিক হলে অস্ত্র ও মাদকের অভিযোগে সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের মামুন মিয়া, পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আশিক, পরিসংখ্যান বিভাগের মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারবিন ডলি রিকি ও সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান।
এছাড়া, ২ থেকে ৪ সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে ১৭ জনকে। একইসাথে যাদের অভিযুক্ততা প্রমাণিত হয়নি এমন ১৯ জনকে খালাস প্রদান করা হয়েছে ও কয়েকজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




