অবশেষে ৪ দিন পর আব্দুর রহমানের লাশ ফেরত দিলো বিএসএফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৪:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : অবশেষে ৪ দিন পর সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক আব্দুর রহমানের (৩০) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত ১টার দিকে আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।
নিহত আব্দুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মেঘালয় পুলিশ বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত শুক্রবার দুপুরে সীমান্তের ১৩৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে গুলি চালায় বিএসএফ। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও কয়েকজনের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে এ হামলার শিকার হন। গুলিতে আহত অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আব্দুর রহমানের মরদেহ সীমান্তে পড়ে থাকে।
ঘটনার পর বিজিবি ডোনা ক্যাম্প বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত চায়। কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত রাতের বৈঠকে মরদেহ হস্তান্তর করা হয়।




