কোম্পানীগঞ্জে পুলিশ-র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামিকে আটক করেছে র্যাব-৯ ও থানা পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বর্ণী এলাকায় র্যাব-৯ এর অভিযানে হত্যা মামলার আসামি বর্ণী গ্রামের সোনা উল্লাহ’র ছেলে রুবেল (২৪) এবং এরশাদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৩) গ্রেফতার হন।
মামলার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় রশি বেঁধে ডাকাতি করার সময় মোটরসাইকেল আরোহী কলাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে সবুজ (২৪) নিহত হন। ওই মামলায় রুবেল ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে টুকেরবাজার এলাকার তাজুল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২) এবং আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল মিয়া(৩০) মাদক মামলায় আটক হন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, আটক চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যা মামলার আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও তিনি জানান।




