বানিয়াচংয়ে সেনা অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৪:৩০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ) দিবাগত রাত ১০টা ৪০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত চলা এই অভিযানে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা ও নামাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দক্ষিণ পূর্ব বানিয়াচং ইউনিয়ন যাত্রাপাশা গ্রামের মজুম উল্লার পুত্র শিবলু মিয়া(৪৫) ও একই ইউনিয়নের নামাপাড়া গ্রামের আব্দুল নুরের পুত্র মো: জাকির মিয়া(৩২)।
অভিযানটি পরিচালনা করেন বানিয়াচং উপজেলা পরিষদসংলগ্ন ৬ বীর আর্মি ক্যাম্পের মেজর কাজী ফয়সাল আহমেদ। সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও দেশীয় অস্ত্রের ব্যবসা চালিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ৫টি পোয়েল পেপার, নগদ ১ হাজার ১৪০ টাকা, ৯টি টেডা, ৩টি দেশীয় দা, ৪টি কেচি ও টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এ ধরনের অভিযান মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের জন্য বড় সতর্কবার্তা হয়ে দাঁড়াবে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচঙ্গ আর্মি ক্যাম্পের মেজর কাজী ফয়সাল আহমেদ। তিনি জানান, অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মালামাল বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।




