নগরীতে দুটি রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের ২০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৫:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীতে দুটি রেস্টুরেন্টে খাবারের মান ও রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাদ্যের মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে ভোক্তা অধিকারের অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নগরীর বন্দর বাজারের ইউসুফ রেস্টুরেন্ট ও শামীম রেস্টুরেন্টে নিম্ন মানের খাবার পরিবেশন, রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাবারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে দুইটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোহাম্মদ আরিফ মিয়া বলেন, আমাদের নিয়মিত অভিযান চলছে। এক বছর আগে তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে রেস্টুরেন্টে খাবারের মূল্য তালিকা টানানোর জন্য। কিন্তু তারা খাবারের মূল্য তালিকা টানান নি। মূল্য তালিকা টানানোর জন্য আজকের অভিযানেও তাদের সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই রকমের অভিযান অব্যাহত রয়েছে।




