ঢাবি ক্যাম্পাসে মির্জা আব্বাস প্রবেশের অভিযোগ আবু বাকেরের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪২:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন বাকের মজুমদার। তিনি বলেন, ‘মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট নন। কিন্তু তিনি (মির্জা আব্বাস) আজ এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজ ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট (অধিকার) নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের আশপাশে বিএনপির অনেক নেতা–কর্মীরা জড়ো হয়েছে বলেও দাবি করেন আবু বাকের মজুমদার। এসব নেতা-কর্মীকে মির্জা আব্বাস এনেছেন কিনা সেই প্রশ্ন রাখেন বাগছাসের এই নেতা।
এদিকে ছাত্রদলের নেতারা ভোট কারচুপির অভিযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গেলে সেখানে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেখানে ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি বলতে চাই, যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। সে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, আমার সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে, এটা চেক করা হোক এবং যে এই মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক।’




