মুশতাক হত্যার রহস্য উদঘাটন না হলে হরতাল পালনের হুঁশিয়ারি জমিয়তের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:১০:০১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে আগামী ২২, ২৪ ও ২৫ সেপ্টম্বর বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি পরবর্তীতে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাব্রেরিতে এক সংবাদ সম্মলনে এই ঘোষণা দেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টম্বর রাতে সদর উপজেলার মদনপুর এলাকা থেকে নিখোঁজ হন জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ। নিখোঁজের তিন দিন পর ২ সেপ্টম্বর দিরাই উপজেলার শরীফপুর পুরতান সুরমা হতে জমিয়ত নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর এজহারভুক্ত আসামি তালহা গ্রুপের অনুসারি আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে হাফিজকে তিন দিনের রিমান্ড পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যার বিষয়ে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে জমিয়ত নেতারা আশঙ্কা করেন রহস্যজনক কারনে পুলিশ হত্যার বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ, কললিস্ট ও সাক্ষীদের দেয়া বিভিন্ন তথ্য থাকলেও রহস্য উদঘাটন না হওয়ায় তদন্ততকারী কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাই মুশতাক হত্যা মামলাটি পিবিআই ও সিআইডির তদন্তের দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর, শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম, জমিয়তনেতা মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, মাওলানা রুকন উদ্দীন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মুফতি বদরুল আলম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।




