সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিন ১ দিনের রিমান্ডে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩১:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। আজ রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, আমরা ৫ দিনের রিমান্ড চাইলে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মন্জুর করেন।
সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ১১ টায় র্যাব-৯-এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে।




